আমি তোমাকেই বেছে নেবো

জেহান আলী


ওরা জানতে চাইছে, জীবন আর তোমার ভেতর যে কোনো একজনকে বেছে নিতে হলে, কি করব, কাকে বেছে নেব আমি? 

তোমাকে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করতে গেলে এক অদ্ভুত কোমলতা এসে উঁকি দেয়, আবার কোথাও যেন একটা গভীর ব্যথাও জেগে ওঠে। আশ্চর্য লাগতে থাকে — হৃদয় যে সত্য আগে থেকেই জানে, তাকে আবার যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে কেন?

সূর্য কি কখনো ক্ষমা চায়, পৃথিবীকে নিজের আলো দিয়ে স্পর্শ করে বলে? পৃথিবী কি কখনো ব্যাখ্যা করে, কেন রাত নেমে এলেও সে ঘুরতেই থাকে, বখাটে ছেলের মতো? কেন অন্ধকারকে পিঠে তুলে বয়ে নিয়ে যায় ভোরের দিকে? তারা জানে। এইটুকুই। তারা দু’জনেই জানে, তাদের চুলচেরা নিশ্চিত অবস্থান। তবুও তারা একে অপরকে ঘিরে ঘুরতে থাকে — যেন ভালবাসা মানে শুধুই কাছাকাছি থাকার আনন্দ।

হ্যাঁ, তোমাকে এই জীবনের চেয়েও বেশি ভালবাসি আমি, তাই তোমাকে বেছে নিতে থাকি, বারবার, প্রতিবার।

কারণ তুমি জীবনের চাইতে অনেক, অনেক বড়। জীবনের একটা পথ আছে। কোথাও তার শুরু হয়; পথের বাঁকে বাঁকে জমে ওঠে তার ছোট ছোট আনন্দ আর দুঃখ। তারপর একদিন সে কোনো এক সমাপ্তির কাছে পৌঁছে যায়। কিন্তু আমার কাছে কখনোই মনে হয়নি, যে তুমি এমন কেউ যার শেষ আছে। তুমি সেই দিগন্ত, যে প্রতিবার আরও দূরে সরে যায়; সেই দরজা, যার ওপারে আবার আরেকটা দরজা খুলে যায়; সেই নাম, যা সবকিছু নীরব হয়ে যাওয়ার পরও ফিসফিস করে উচ্চারণ করতে থাকে আমার হৃদয়।

আর তুমি যদি জীবনে না-ই থাকো, তাহলে জীবনই বা কি? 

তোমার বিহনে দিন কেটে গেছে, আমি দেখেছি তাদেরকে অনেকবার। কথা বলেছি, খেয়েছি, পান করেছি, কাজ করেছি, হেসেছি। দেখেছি জানালা দিয়ে সকাল এসে ঢুকছে, আবার সেই একই দরজা দিয়ে বিদায় নিচ্ছে সন্ধ্যা। জীবন তার ছোট্ট, একগুঁয়ে কাজকর্ম চালিয়ে গেছে। 

কিন্তু তোমাকে ছাড়া — কী অদ্ভুত এক ভুলে ভরা নাটকই না সেই জীবন!

তাই কোনো একদিন যদি মৃত্যু এসে বলে, “আমার সাথে এসো, আমি তার কাছে ফিরে যাওয়ার পথ জানি,” হয়ত আমি তার কাছ থেকে মুখ ফিরিয়ে নেব না। হয়ত তার হাত চেপে ধরব শক্ত করে। 

কারণ আমাদের মাঝখানের শেষ দূরত্বটুকু যদি মৃত্যুই হয়ে থাকে, তাহলে তাকে ভয় পাওয়ারই বা কি আছে?

আর বেঁচে থাকাটাই বা কিসের এত মূল্যবান, যদি প্রতিটা নিঃশ্বাস আমাকে তোমার কাছ থেকে আরও দূরে নিয়ে যায়?

তোমাকে ভালবাসার অর্থ যদি হয় — যা কিছু জেনেছি শুনেছি সারা জীবনভর, তাদের শেষ সীমানায় — বারবার তোমাকেই বেছে নেওয়া — তাহলে আমাকে তোমাকেই বেছে নিতে দাও।

পৃথিবী যখন আলোয় ভরে থাকে, তখনও তোমাকেই বেছে নিতে দাও। 

পৃথিবী যখন ভীষণ ক্লান্ত, তখনও তোমাকেই বেছে নিতে দাও।

জীবনের সেই অব্যক্ত প্রহরে, যখন কেউ কোথাও নেই, তখনও তোমাকেই বেছে নিতে দাও।

আর যদি এমন কোনো শেষ মুহূর্ত আসে, যখন জীবন আমাকে জিজ্ঞেস করে — 

“তুমি কি তাকে ছাড়াই বেঁচে থাকবে, নাকি এখান থেকে চলে যাবে, তাকে আবার খুঁজে পাওয়ার জন্য?”

এই হৃদয় হয়ত তার জবাব অনেক আগেই দিয়ে ফেলেছে। 

সে তো শুরু থেকে উত্তর দিয়েই চলেছে, বারবার, প্রতিবার।

নবীনতর পূর্বতন