ফাইয়াজ মুহাম্মদ কৌশিক
যখনই তোমার কথা পড়বে মনে,
আকাশ ভেঙে বৃষ্টি ঝরে পড়বে।
জানালার কাঁচ বেয়ে ঝরবে বৃষ্টিমাখা স্মৃতি,
বাতাসে ভাসবে তোমার অতিপরিচিত সুবাস
ভেজা পথে সিক্ত হবে স্পর্শিত চিহ্ন,
গাছের পাতায় জমে থাকা বৃষ্টির ফোঁটায়,
আমি খুঁজব তোমার লেখা কোনো অদৃশ্য নাম।
ঝুম বৃষ্টির গভীরে হারিয়ে যাবে আমার কণ্ঠ,
থাকবে শুধু কিছু অসমাপ্ত আর্তনাদ!
যখনই তোমার কথা পড়বে মনে,
মেঘলা বিকেলও হয়ে উঠবে বিষণ্ণ।
রবীন্দ্রনাথের গানে, জীবনানন্দের কবিতায়,
হঠাৎ থমকে যাবে মন—শব্দেই খুঁজবে তোমার ছায়া।
রাত গভীর হবে, চাঁদ লুকাবে মেঘের আড়ালে,
শহর ঘুমিয়ে যাবে আপন নীরবতায়।
আর আমি একা বসে থাকব জানালার পাশে,
বৃষ্টির শব্দে কান পেঁতে শুনব তোমার পদধ্বনি।
যখনই তোমার কথা পড়বে মনে,
শিউলি ঝরা ভোরও কেমন হয়ে যাবে বিষণ্ণ!
অমলিন কিছু হাসির মুহূর্ত, নদীর জলে ভেসে যাওয়া আলো,
শরতের সাদা মেঘে—আমি খুঁজব তোমায় সবখানে! সর্বত্র!
সময় এগিয়ে যাবে, আর কোনো এক নির্জন ঘরে
আমি প্রদীপ জ্বালিয়ে রাখব অনন্তকাল!
যখনই তোমার কথা পড়বে মনে! যখনই!
#ফাইয়াজমুহাম্মদকৌশিক
#সাহিত্যনামা
