বিশ্বাসী বৃক্ষের ছায়া

রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

ওই তরুতলে বিশ্বাসী ছায়া, ওই ছায়াটুকু অনুকূল,
রোদে পোড়া মন চায় গৃহ-ছাযা, চায় নির্জন বসবাস---
অবরোধ খোলো, ওই ছায়াতলে যাই।

সারা প্রান্তরে ঘামের গন্ধে বাতাস যখন ম্রিয়মান
যখন শরীরে ক্লান্তির গানে ঝাঁপিয়ে পড়েছে অবসাদ,
তখন তোমার গৃহ-ছায়াখানি খোলো।

গৃহ-ছায়াতলে যে-বৃক্ষতল, যে তরুর ছায়া অপরূপ
ফিরে এলে তুমি সেই ছায়াটুকু খুলে দিও দিন অবসানে।

বেদনাকে চিনি, রোদ্দুর চিনি, তৃষ্ণা তুমুল বিষফল।

দুর্যোগ-দিনে দেখেছি পীড়িত অসহায় একা গাঙচিল---
দুটি চোখ তার নিরাপদ নীড় খোঁজে কি ভীষন তৃষ্ণায়।
গৃহখানি দাও, রোদে পোড়া মন চায় নির্জন অধিবাস . . .

ওই তরুতলে বিশ্বাসী ছায়া, ওই গৃহহারা অবিনাশ,
শরীর এখন ক্লান্তির কাছে নুয়ে আসে ঘোর অবসাদে---
অবরোধ খোলো, আমাকে তোমার ওই ছায়াটুকু দাও।
নবীনতর পূর্বতন