Priority, এর বাংলা অগ্রাধিকার, প্রাধান্য, সবার আগে গুরুত্ব পাওয়া বিষয়। নেশাগ্রস্ত মানুষের প্রায়োরিটি পাল্টে যায়, নেশায় আসক্ত হবার আগে যা কিছু তার জীবনে অগ্রাধিকার পেত, সেগুলো মিলিয়ে যায় হাওয়ায়। যে কোন নেশায় জড়িয়ে যাবার জন্য একটা ওজুহাত লাগে, কেউ একজন - যে তোমাকে ওই নেশার সাথে পরিচয় করিয়ে দেয়। নেশা মানেই তো আর মাদকদ্রব্য নয়, অপূর্ব সুন্দর সব নেশা আছে সৃষ্টির মাঝারে - যা তোমার জীবনের অর্থ পাল্টে দিতে পারে। নেশাগ্রস্ত মানুষ প্রথমে কি করে? সে মনে করে - দেখিই না একটু পরীক্ষা নিরীক্ষা করে, জিনিসটা আসলে ঠিক কেমন? ভালো না লাগলে আর করব না - অসুবিধার কি আছে? আর যদি ভালো লেগেই যায়? ওই নেশার কাছে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সে। তখন আগের সমস্ত স্বাদ, সুখ, মুখ্য বিষয়গুলো আর মনে থাকে না তার - সুখের সাগরে ভাসতে থাকে সে - যতক্ষণ সে ওই নেশায় বুঁদ হয়ে থাকে।
আল্লাহ্ বলছেন, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে - শুধুই আমার উপাসনার নেশায় ডুবে থাকবে বলে। [সুরা যারিয়া'ত - ৫১:৫৬ ] তাঁর রসুল ﷺ বলছেন, তোমাদের ইমানই পরিপূর্ণ হবে না, যতক্ষণ তোমরা আমার ভালবাসার নেশায় বুঁদ হয়ে রবে (সহিহ বুখারি শরীফ ১৫, সহিহ মুসলিম শরীফ ৪৪)। আল্লাহ্ বলছেন, "কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিঊনী ইয়ুহবিবকুমুল্লাহু ওয়া ইয়াগফিরলকুম জুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহীম" (সূরা আল ইমরান, আয়াত-৩১)। অর্থ: (হে নবী) আপনি বলে দিন (তাদের সবাইকে), যদি তোমরা আল্লাহকে ভালবাসো, তবে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদের ভালবাসবেন এবং তোমাদের গুনাহসমূহ মাফ করে দেবেন। আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু।
কে কোন নেশার পেছনে ছুটে বেড়াবে সেটা তো অবশ্যই যার যার বিষয়; এখন দেখেন আপনারা - যে যা ভালো বুঝেন, করেন।
নেশা
রমজান ২০, ১৪৪৭
