রবীন্দ্রনাথ ঠাকুরকে উদ্দেশ্য করে লিখা কাজী নজরুল ইসলামের কবিতা 'তীর্থ পথিক'
আমি জানি তুমি অজর অমর, তুমি অনন্ত প্রাণ;
মহাকাল ও নাহি জানে,কবি, তব আয়ুর সে পরিমাণ,
তুমি নন্দন কল্পতরু যে, তুমি অক্ষয় বট,
বিশ্ব জড়ায়ে রয়েছে তোমার শত কীর্তির জট;
তোমার শাখায় বেঁধেছে কুলায় নভোচারী কত পাখি,
তোমার স্নিগ্ধ শীতল ছায়ায় জুড়াই ক্লান্ত আঁখি।
বিজ্ঞান বলে, বলুক, রবির কমিয়া আসিছে আয়ু,
রবি রবে, রবে যতদিন এই ক্ষিতি অপ্ তেজ বায়ু।
মহাশূন্যের বক্ষ জুড়িয়া বিরাজে যে ভাস্কর
তার আছে ক্ষয়, এও প্রত্যয় করিবে কোন্ সে নর?
চন্দ্রও আছে, আছে অসংখ্য তারকা রাতের তরে,
তবু দিবসের রবি বিনা মহাশূন্য সে নাহি ভরে।
তুমি রবি, তুমি বহু ঊর্ধ্বের-তোমার সে কাছাকাছি
যাবে কোন্ জন? তোমার কিরন-প্রসাদ পাইয়া বাঁচি।
তুমি স্রষ্টা শ্রেষ্ঠ সৃষ্টি বিশ্বের বিস্ময় ,
তব গুন-গানে ভাষা সুর যেন সব হয়ে যায় লয়।
তুমি স্মরিয়াছ ভক্তেরে তব এই গৌরবখানি
রাখিব কোথায় ভেবে নাহি পাই, আনন্দে মূক বাণী
প্রার্থনা মোর যদি আরবার জন্মি এ ধরণীতে,
আসি যেন শুধু গাহন করিতে তোমার কাব্যে গীতে।
