পায়ের পায়েলে ঝরুক বৃষ্টি

 পায়ের পায়েলে ঝরুক বৃষ্টি
~শাব্বির আহাম্মেদ রাকিব

ছবি: জেফ রল্যান্ড

আমি নিত্য-এখনো অপেক্ষা করি
ব্রহ্মপুত্র নদের তীরে।
কখনো কি হবে তোমার সাথে দেখা—
একসাথে কি কখনো যাওয়া যায় না-
বাকৃবির রেললাইনের মেঠো পথ ধরে?
চল না একদিন, গ্রীষ্মের দহন দুপুরে
বাকৃবির আম্র কাননে ঘুরে বেড়াই,
যেখানে বিকেলের আলো
ধীরে ধীরে নেমে আসে উদীচি ঘাটে।

বাকৃবি সংলগ্ন ব্রহ্মপুত্র নদের পাড়, ছবি: আরাফাত হোসেন অয়ন

যাবে কি আমার সাথে প্রেম নিবাস
রাজা শশীকান্তের শশী লজে?
কখনো কি স্নান ঘাটে বসে—
পায়ে পায়েল পরে বৃষ্টি তৈরি করবে না!
কখনো কি ডাউনে, দুজনে মিলে
চায়ের কাপে অবসাদ ভাঙবো না?

চলো, ফাগুনের মোহনায় কোন একদিন
বিজিবি পার্কে বসে, নিরবতা গুনি।
জব্বারের মোড়ে একদিন চল, বসে
দুই হৃদয় মিলেমিশে এক সঙ্গীত বাঁধি।
আমার তো এখনো জুলিয়েট রোজ নিয়ে
ব্রহ্মপুত্র তীরে অপেক্ষা করতে অভিলাষ হয়—
তা কি তুমি অনুধাবন করতে পারো?
তুমি কি বুঝবে সেই আকুতি,
গুমরে মরা দীর্ঘশ্বাস—
আমরা দুজন কি রুস্তম-তাহমিনা হতে পারি?
এক আকাশ দূরত্ব পেরিয়ে,
এক হৃদয়ের কাছে আসতে পারি না?
আমার তো খুব ইচ্ছে হয় ব্রহ্মপুত্র হতে,
নৌপাড়ি দিয়ে চোপাগাড়িয়া হয়ে,
সুতিয়া নদী দিয়ে, দুচোখ যেদিকে যায়—
সেই স্রোতে হারিয়ে যেতে!

শিল্পীর তুলিতে বৃষ্টিস্নাত জনজীবন, ছবি: সংগৃহীত


নবীনতর পূর্বতন