কিংবদন্তি শিল্পী মোস্তফা মনোয়ারের প্রয়াণে গভীর শোক প্রকাশ করছে সাহিত্যনামা। আজ তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মোস্তফা মনোয়ার ছিলেন এ দেশের শিল্পসংস্কৃতির এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর পিতা ছিলেন প্রখ্যাত কবি গোলাম মোস্তফা। বাবার সাহিত্যিক পরিমণ্ডলে বেড়ে ওঠায় তাঁর শিল্পচেতনা দারুণভাবে সমৃদ্ধ হয়েছিল। তিনি একাধারে চিত্রশিল্পী, পাপেট নির্মাতা এবং নাট্যনির্দেশক ছিলেন। বাংলাদেশে পাপেট চর্চার জনক বলা হয় তাঁকে। তাঁর হাত ধরেই দেশে এই শিল্পের বিকাশ ঘটে। বাংলাদেশ টেলিভিনে (বিটিভি) তাঁর 'মনের কথা' অনুষ্ঠান ছিল তুমুল জনপ্রিয়। রবীন্দ্রনাথ ঠাকুরের 'রক্তকরবী' নাটকের সফল টেলিভিশন রূপান্তর তাঁর অন্যতম শ্রেষ্ঠ কীর্তি।
শিল্পকলায় অনন্য অবদানের জন্য তিনি একুশে পদকে ভূষিত হন। মোস্তফা মনোয়ারের মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হলো।
সাহিত্যনামা পরিবার তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছে। আমরা তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। তাঁর অনন্য সৃষ্টি চিরকাল বেঁচে থাকবে আমাদের মাঝে।