গোলকধাঁধা

জেহান আলী 

ছবিটি ব্রিটানিকা ডট কম থেকে নেয়া হয়েছে

জীবন যদি একটা গোলকধাঁধা হয়েই থাকে, সেখান থেকে বেরিয়ে আসার পথ কিন্তু তোমার হাতেই আছে। কিছু মানুষ অস্থির হয়ে ছোটাছুটি করে, এরপর কোনদিকে যাবে, ডানে নাকি বামে, সব দিক তো একই রকম লাগে। যিনি তোমাকে এখানে পাঠিয়েছেন, এখান থেকে বেরুবার উপায় কিন্তু তাঁর খুব ভালো করেই জানা আছে। এটা জানাটাই বিশ্বাস, ইমান। এখন তুমি এই পথগুলোকে সাজিয়ে তুলতে পারো নিজের মনের মতো করে, আবার চাইলে ধ্বংস করতে পারো, যুদ্ধ লাগিয়ে দিতে পারো এদিকে ওদিকে। 

যত গুলো দেশ, রাজত্ব, সরকার, উপনিবেশ - কালের আবর্তনে যুদ্ধ করে এসেছে এবং করেই চলেছে, তাদের কি একবারও মনে হয়, এই পৃথিবী তো আমার নয়, এটা তো আল্লাহ্‌র সৃষ্টি; এই মানুষগুলোও তো আমার সম্পত্তি নয়, সব কিছুই তো আল্লাহ্‌র কাছ থেকে আসে, আবার আল্লাহ্‌র কাছেই ফিরে যায়। তাহলে কোন ওজুহাতে, কোন ধৃষ্টতায়, কোন দুঃসাহসে আমি যুদ্ধ ঘোষণা করব — আরেকটা দেশ, জনপদ, চিন্তাধারা, ধর্ম, সংস্কৃতির বিরুদ্ধে? 

ধর্মের নামে যুদ্ধ হয়েছে, আল্লাহ্‌র হাবীব ﷺ নিজেই যুদ্ধ করেছেন, কিন্তু কারো জায়গা জমি খনিজ তেল বা মশল্লা দখল করার উদ্দেশ্যে নয়। তিনি যুদ্ধ না করলে জাহেলিয়ত শেষ হতো না, আমরা এই ধর্মকেও চিনবার সুযোগ পেতাম না। তিনি দেহত্যাগ করার পর থেকে আজ পর্যন্ত তার প্রতিষ্ঠিত ধর্মের নামে যে বা যারা যখন যেভাবে যুদ্ধ করেছে, আর করেই চলেছে — সেই সব কিছুর হিসাব কিন্তু তাদের সবাইকেই দিতে হবে। তারা রসুল ﷺ নয়, আর কেউ কোনদিন নবী রসুল হবে না। কাজেই হিসাব হবে, নিঃসন্দেহে হবে। যাদের কথা তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন, এরা বেহেশতি, অবশ্যই তারা বেহেশতি, তাদের কথা একেবারেই আলাদা।  

আর আমরা, যারা কিনা আজ নিজের দেশে, সংসদে, মসজিদে, ফেসবুকে, হাটে মাঠে ঘাটে, নিজের ঘরে, সংসারে, খাবারের টেবিলে, রেস্টুরেন্টে, স্কুলে, কলেজে, বিয়ে বাড়িতে — নাটক সিরিয়ালের মতো ঝগড়া, মারামারি, কাটাকাটি, তর্কাতর্কি, আর একে অপরের মাথা ফাটিয়ে চলেছি, আমরা কি যুদ্ধবাজ নই? আমরা কেউ কিন্তু রসুল ﷺ নই, আর কেউ কোনদিন নবী রসুল হবেও না, আমরা সাহাবাও নই, হতে পারবও না, যতই চাই না কেন। কাজেই হিসাব হবে, নিঃসন্দেহে হবে। 

যেটার হিসাব হবে না সেগুলো হলো ভালবাসার, দয়ার, কোমলতার, স্নিগ্ধতার, উদারতার, ক্ষমার। কারণ এগুলো আল্লাহ্‌র নিজের বৈশিষ্ট। আল্লাহ্‌ যেমন অসীম, তাঁর গুনাবলীও তেমনি অসীম। কাজেই হিসাবের পাল্লা (মিজান) যখন সেই গুণাবলী দেখবে, তাদেরকে সে মাপতে পারবে না। অসৃষ্ট গুণাবলি বা সিফাতকে কেউ সৃষ্ট পাল্লা দিয়ে মাপতে পারে না। পাল্লা তখন হাল ছেড়ে দেবে। আর এজন্যই যার অন্তরে তিল মাত্র ভালবাসা আছে, সে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে না। আর যার অন্তরে তিল মাত্র অহংকার আছে, আমি আমার আমিত্ব আছে, সে বেহেশতে প্রবেশ করবে না। 

কি অপূর্ব সুন্দর এই গোলকধাঁধা!

নবীনতর পূর্বতন