ঘর ভরা মেঘ
জেহান আলী
একটা সময় ছিল,
যখন দূরত্বকে ভয় লাগত ভীষণ;
তোমার কাছ থেকে যতই দূরে আসলাম,
অনুভব করলাম –
আমাদের ভালবাসা বাড়তে থাকল আগুনের মতো ।
মাঝেমাঝে ভোর আসে রাতের মতো,
সূর্য তো বরাবরই তার মাকামে আসীন,
অথচ তার গনগনে তাপ.. আমার জন্য যথেষ্ট হয় না ।
তুমি বুঝিয়ে দিলে আরো কত কিছু;
দূরত্ব যদি প্রতিবন্ধকতা নাই হয় –
সময়ের কি-ই বা দুঃসাহস
যে তোমার আর আমার মাঝে.. দেয়াল গড়বে সে ?
তখন আমার রাতগুলো আলো হয়ে গেল;
সবাই ঘুমিয়ে থাকে বিস্মরণের আঁধারে,
তাকিয়ে দেখি –
কেমন করে তোমার হাতটা জড়িয়ে ধরে বসে আছি আমি ।
একটা সময় ইচ্ছে হতো - তোমার হাত দিয়ে আকাশ ছোঁয়ার;
এখন আমার ঘর ভরা মেঘ - তুলার মতন ভাসে,
পাহাড় লুকায় তোমার বুকে - আমায় দেখে হাসে ।।
Tags:
জেহান আলী